কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি বলেছেন, এটি এমন একটি যুদ্ধ যা ‘ইসরায়েল শুরু করেছে। ইরান প্রতিশোধ নিতে গিয়ে তাদের প্রতিবেশীদের ওপর আক্রমণ করার পথ বেছে নিয়েছে।’
বৃহস্পতিবার বিকেলে কাতারের রাজধানী দোহায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আল থানি এ কথা বলেন।
শত্রুতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে আল থানি বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পরস্পরের প্রতি ‘বিশ্বাস পুনরুদ্ধারের বিকল্প নেই।
প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনিও ইসরায়েলকে যুদ্ধের সূচনাকারী বলে উল্লেখ করেন। তবে আঞ্চলিক অস্থিরতা না বাড়ানোর ক্ষেত্রে ইরানের একটি ‘ঐতিহাসিক দায়বদ্ধতা’ রয়েছে বলে মনে করে তুরস্ক।
সংবাদ সম্মেলনটি শুরুর ঠিক আগে ওই এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সতর্ক সংকেত দিতে সাইরেন বেজে উঠেছিল। তবে পূর্বপরিকল্পনা অনুযায়ী সংবাদ সম্মেলনটি সম্পন্ন হয়।
সূত্র: রয়টার্স






























